চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময় দুই দিন পিছিয়ে আগামী শনিবার (৩১ অক্টোবর) নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ কথা জানান।
তিনি বলেন, এইচএসসির ফলাফল প্রকাশ ৩১ তারিখ নির্ধারণ করা হয়েছে। ফলাফল নিয়ে যেন কোনো প্রকার প্রশ্ন না ওঠে, সেই লক্ষ্যে বোর্ড কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে গত শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের দিন হিসেবে ২৯ অক্টোবরের কথা জানানো হয়েছিল।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়।
এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হয়। বৈরী আবহাওয়ার কারণে কয়েকটি বোর্ডের কয়েকটি জেলায় পরীক্ষা পরে নেওয়া হয়।
এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন।
বাংলাদেশের খবর/আরইউ