গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আন্দোলনের ষষ্ঠ দিনেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এ সময় তাঁদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শব্দবোমা নিক্ষেপ করে।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর বোর্ডবাজারের বড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। শ্রমিকদের অবস্থানের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বড়বাড়ী এলাকায় জড়ো হয়ে মহাসড়কে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করে বেতন বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।
এ সময় বিক্ষোভকারীদের একাংশ পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এরপর বিক্ষোভকারীদের একটি অংশ গাজীপুর মহানগরীর বাসন থানার দিকে অগ্রসর হয়ে থানায় হামলার চেষ্টা চালায় বলে জানা গেছে। এ সময় থানার ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। কয়েকজন বিক্ষোভকারী লাঠিসোঁটা নিয়ে সেখানে প্রবেশের চেষ্টা করলে পুলিশ আবারও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পরিস্থিতি সামাল দিতে পরে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সকাল থেকে অধিকাংশ এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে বড়বাড়ী এলাকায় একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে। শ্রমিকদের দাবিকে কেন্দ্র করে সড়ক অবরোধ ও বিক্ষোভের কারণে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি হয়েছে। বুধবারের সংঘর্ষের ঘটনায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় কর্মজীবী মানুষ ও দূরপাল্লার যাত্রীরাও ভোগান্তিতে পড়েন।
