হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে একজ। এ নিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪০।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৩৫ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৫ জন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে পরীক্ষায় ৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৫৪১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫০৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ২০০, চট্টগ্রামে ১০৯, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৯, বরিশালে ৬৭, খুলনায় ৫৪ ও রংপুরে ১৭ জনের মৃত্যু হয়েছে।
