সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ছাত্রদের কোটা আন্দোলনের পক্ষেই ছিলেন বলে দাবি করেছেন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী।
আজ সোমবার দুপুরে ঢাকার একটি আদালতে জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের সময় সংঘটিত রাজধানীর মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলার শুনানি শেষে প্রেস ব্রিফিংয়ে দেওয়া বক্তব্যে এ দাবি করেন তিনি।
আইনজীবী বলেন,`সংশ্লিষ্ট মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) জুনাইদ আহমেদ পলকের নাম ছিল না। পলক এ মামলায় নির্দোষ এবং জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় কোটা বিরোধী আন্দোলনে তিনি শিক্ষার্থীদের পক্ষেই অবস্থান নিয়েছিলেন।’
এর আগে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানিতে আদালতকে নিজেকে নির্দোষ দাবি করেন জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘অবশ্যই নির্দোষ এবং আমরা নিরপরাধ, আমাদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার চাই।’
ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানি হয়। শুনানি শেষে শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
