ঢাকা শহরে ফুটপাত দখল করে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা যেন এক স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। এর ফলে পথচারীদের চলাচলের ক্ষেত্রে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়। কিন্তু কয়েক দিন যেতে না যেতেই সেগুলো আবার দখল হয়ে যায়। এর ফলে পথচারীরা বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে হাঁটেন। রাস্তয় মানুষ হাঁটলে গাড়ির গতি কমে যায়। এতে যানজট বাড়ে ও অফিস, স্কুল বা হাসপাতালে যেতে দেরি হয়। এছাড়া সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়। বিশেষ করে বৃদ্ধ, শিশু ও নারীদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। এছাড়া গাড়ির ধাক্কায় আহত বা নিহত হওয়ার ঘটনা প্রায়ই দেখা যায়। এই সমস্যার একটি বড় কারণ হলো উচ্ছেদের পর পর্যাপ্ত তদারকি না থাকা। অভিযান শেষ হলে নজরদারিও শেষ হয়ে যায়, আর কার্যকর ব্যবস্থাপনার অভাবে দখল আবার ফিরে আসে। এজন্য উচিত উচ্ছেদের পর টহল ও নজরদারি চালিয়ে যাওয়া, অবৈধ দখলকারীদের জরিমানা বা শাস্তির আওতায় আনা। অন্যদিকে দেখা যায় জীবিকার তাগিদে ক্ষুদ্র ব্যবসায়ীরা ফুটপাতের ব্যবসার ওপরই নির্ভর করে। তাই শুধু উচ্ছেদ করলে সমস্যার সমাধান হবে না। প্রয়োজন একটি স্থায়ী ও মানবিক সমাধান। এক্ষেত্রে তাদের জন্য নির্দিষ্ট হকার্স মার্কেট বা নির্ধারিত স্থানে পুনর্বাসন করা, যাতে তাদের জীবিকা বন্ধ না হয়। তাই কর্তৃপক্ষের উচিত যথাযথ আইন প্রয়োগে ধারাবাহিকতা বজায় রাখা ও উচ্ছেদের পর নিয়মিত তদারকি নিশ্চিত ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য উপযুক্ত বিকল্প স্থান নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
মারুফা আক্তার : শিক্ষার্থী, রসায়ন বিভাগ, ইডেন মহিলা কলেজ, ঢাকা
