Published on
:
2 min read
এই সময়, দাদপুর: দাদপুর থানার অন্তর্ভুক্ত দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে একটি রেস্তোরাঁয় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রবিবার সকাল ৯টা নাগাদ ভয়াবহ আগুনে ছারখার হয়ে যায় রেস্তোরাঁ। খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে রেস্তোরাঁর ভিতরে থাকা কয়েকটি এসি মেশিন পুড়ে যায়। কেউ হতাহত হননি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেস্তোরাঁর এসি মেশিন থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। খবর দেওয়া হয় দাদপুর থানায়। পরে দমকলের কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। রেস্তোরাঁর কর্মী ময়না বাউল দাস জানান, সকাল সাড়ে ৯টা নাগাদ প্রথমে পোড়া গন্ধ পান তিনি। এর পরেই বিকট শব্দ হয় এবং চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। তিনি ও তাঁর এক সহকর্মী বাইরে বেরনোর চেষ্টা করেও প্রথমে সফল হননি। পরে কোনও রকমে তাঁরা বাইরে বেরিয়ে আসেন। এর পরেই একটি এসি ফেটে যেতে দেখেন তিনি। তাঁর অনুমান, এসি থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। পরে ক্যাশ কাউন্টারের দিকেও আগুন জ্বলতে দেখা যায়। পুলিশকে খবর দেওয়ার পরে দমকল এসে আগুন নেভায়। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
অন্য দিকে, লক্ষ্মীপুজোর বাজার করতে গিয়েছিল পরিবার, ফাঁকা বাড়িতে আগুন লেগে পুড়ে ছাই হলো বিছানা, আসবাবপত্র। এ দিন দুপুরে চুঁচুড়ার কামারপাড়া বলরামগলি এলাকায় রাজু মালের বাড়িতে হঠাৎ আগুন দেখতে পান প্রতিবেশীরা। টালির বাড়ির উপর থেকে ধোঁয়া দেখতে পান তাঁরা। বাড়িতে কেউ ছিলেন না। লক্ষ্মীপুজোর সামগ্রী কিনতে গিয়েছিলেন সবাই। প্রতিবেশী ফোন করে জানান, তাঁর ঘরে আগুন লেগেছে। ফিরে এসে দেখেন, সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রতিবেশীরা বালতি করে আগুন নেভান। রাস্তা সঙ্কীর্ণ হওয়ায় দমকলের ইঞ্জিন ভিতরে ঢুকতে পারেনি।
