মা ইলিশ সংরক্ষণ ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিয়মিত অভিযান, টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোন। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদী ও সমুদ্র উপকূলে নজরদারি জোরদারের পাশাপাশি জেলেদের সচেতন করতে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হচ্ছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের সমুদ্র, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ এবং মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় দায়িত্ব পালন করে আসছে কোস্ট গার্ড।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ড পূর্ব জোনের আওতাধীন এলাকায় নিয়মিত টহল, বিশেষ অভিযান ও কঠোর নজরদারি চালানো হচ্ছে।
কোস্ট গার্ড জানায়, ‘মা ইলিশ সংরক্ষণ-২০২৬’ কার্যক্রম সফল করতে নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সার্বক্ষণিক টহল দেওয়া হচ্ছে। জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রচার কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।
এ ছাড়া জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রমও অব্যাহত রয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়, আজকের সংরক্ষণই আগামী দিনের প্রাচুর্য। ইলিশের প্রজনন সুরক্ষা ও সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনায় সবাইকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা লঙ্ঘনসহ যেকোনো অনিয়মের তথ্য জানাতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করার অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে ব্রিফিং দেন লেফটেন্যান্ট কমান্ডার এম রেজওয়ানুল হক (ট্যাজ), বিএন।
বিআলো/আর আই