প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:২১ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে রোহিঙ্গা সংকটের সমাধান, স্থানীয় নির্বাচন ও বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইইউ রাষ্ট্রদূত রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানান। এ সময় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়া এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বৈঠকে রোহিঙ্গা সংকটের সমাধান, স্থানীয় নির্বাচন এবং বাংলাদেশের এলডিসি উত্তরণ-সংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব পায়।
এ সময় ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক কর্মকর্তা কামিলা পার্টিকা এবং রুহুল কবির রিজভীর ব্যক্তিগত সচিব (পিএস) কাজী নজরুল ইসলাম ও সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) জাহেদুল আলম উপস্থিত ছিলেন।
