বয়স, উচ্চতা, ওজন কিংবা শারীরিক গড়নের প্রচলিত সীমাবদ্ধতা ছাড়াই মডেল হওয়ার সুযোগ তৈরি করতে ‘ফেস অব টুয়েলভ’ (Face of Twelve) উদ্যোগ চালু করেছে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড টুয়েলভ। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের (এএমটিসি) সমন্বয়ে আয়োজিত এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্য থেকে নতুন মুখ খুঁজে নেওয়া হবে। নির্বাচিত ব্যক্তিরা টুয়েলভের লিড মডেল হিসেবে কাজ করার সুযোগ পাবেন।
উদ্যোগটির আওতায় বয়স, লিঙ্গ, গায়ের রং, উচ্চতা, ওজন কিংবা শারীরিক গড়ন অংশগ্রহণের ক্ষেত্রে কোনো বাধা হবে না। বরং প্রত্যেকের নিজস্ব স্টাইল, ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসকে গুরুত্ব দেওয়া হবে। যাঁরা আগে কখনো মডেলিং করেননি কিংবা নিজেকে মডেল হিসেবে কল্পনা করেননি, তাঁরাও এ উদ্যোগে অংশ নিতে পারবেন। এর মাধ্যমে ফ্যাশনকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তোলা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চায় ব্র্যান্ডটি।
টুয়েলভের চিফ অপারেটিং অফিসার (সিওও) মতিউর রহমান বলেন, ফ্যাশন ব্র্যান্ড হিসেবে তাঁরা এমন মানুষের মাধ্যমে পোশাক তুলে ধরতে চান, যাঁদের মধ্যে ক্রেতারা নিজেদের খুঁজে পাবেন। পোশাক দেখে ক্রেতাদের মনে যেন এই ধারণা তৈরি হয় যে এসব পোশাক তাঁদের জন্যও উপযোগী। ‘ফেস অব টুয়েলভ’-এর মাধ্যমে বিভিন্ন বয়স, শারীরিক গড়ন ও নিজস্ব স্টাইলের মানুষকে সামনে আনার লক্ষ্য রয়েছে তাঁদের।
নির্বাচিত মডেলদের সঙ্গে টুয়েলভের দুই বছরের এক্সক্লুসিভ চুক্তি করা হবে। এ সময় তাঁরা মাসিক বেতন পাবেন এবং ব্র্যান্ডটির বিভিন্ন ক্যাম্পেইন ও প্রোডাক্ট শুটে অংশ নেবেন। পাশাপাশি তাঁদের পেশাগত দক্ষতা বাড়াতে আজরা মাহমুদের সরাসরি তত্ত্বাবধানে মডেলিং ও কনটেন্ট তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে। থাকবে গ্রুমিং ও ফিটনেস প্রশিক্ষণের সুযোগও।
এ ছাড়া নির্বাচিত মডেলদের প্রতি মৌসুমে টুয়েলভের পক্ষ থেকে ফ্যাশনপণ্য উপহার দেওয়া হবে। তাঁদের নিজেদের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্যও থাকবে বিশেষ ছাড়ের সুবিধা। প্রশিক্ষণ, নিয়মিত কাজ ও আর্থিক সুযোগের সমন্বয়ে নতুনদের মডেলিং পেশায় এগিয়ে নেওয়াই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
এএমটিসির কর্ণধার আজরা মাহমুদ বলেন, এ উদ্যোগের মাধ্যমে নতুন মডেলরা নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন, যা তাঁকে আনন্দিত করেছে। তাঁর মতে, নিজের সময়ে তিনি এমন সুযোগ পাননি। বর্তমানে যাঁরা মডেলিংয়ে আসছেন, তাঁদের জন্যও নিয়মিত কাজের সুযোগ সীমিত। দেশের বাইরে এ ধরনের উদ্যোগের চর্চা থাকলেও বাংলাদেশে এটি নতুন সংযোজন।
টুয়েলভের মতে, ফ্যাশন সবার জন্য। ‘ফেস অব টুয়েলভ’-এর মাধ্যমে সেই বিশ্বাসকে বাস্তবে রূপ দেওয়ার পাশাপাশি নতুন প্রতিভা খুঁজে বের করা, প্রশিক্ষণ দেওয়া এবং তাঁদের নিয়মিত কাজের সুযোগ করে দিতে চায় ব্র্যান্ডটি।
আগ্রহীরা অনলাইন নিবন্ধন ফর্মে প্রয়োজনীয় তথ্য পূরণ করে এ উদ্যোগে অংশ নিতে পারবেন।
নিবন্ধন লিংক: https://forms.gle/K1QdPkY9ZKWLDnhZ7
