মিরপুর সেকশন-১১-এর ব্লক-এ, রোড-৩ (মেইন রোড), বাড়ি-১৫-এ অবস্থিত এইচএএল-জিবিডিএল কাজী মর্নিং গ্লোরি ভবনের চতুর্থ তলায় শাখাটির অবস্থান।
গৃহ ঋণ সেবা সম্প্রসারণের লক্ষ্যে রাজধানীর মিরপুরে নতুন শাখা চালু করেছে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। প্রতিষ্ঠানটির ১৯তম এ শাখার মাধ্যমে সংশ্লিষ্ট ও পার্শ্ববর্তী এলাকার গ্রাহকরা গৃহ ঋণ, স্থায়ী আমানতসহ (ফিক্সড ডিপোজিট) বিভিন্ন আর্থিক সেবা পাবেন। ডিবিএইচ ফাইন্যান্সের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
মিরপুর সেকশন-১১-এর ব্লক-এ, রোড-৩ (মেইন রোড), বাড়ি-১৫-এ অবস্থিত এইচএএল-জিবিডিএল কাজী মর্নিং গ্লোরি ভবনের চতুর্থ তলায় শাখাটির অবস্থান। সম্প্রতি ডিবিএইচ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসিমুল বাতেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নতুন শাখাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির এমডি ও সিইও আশা প্রকাশ করে বলেন, ‘ডিবিএইচের মিরপুর শাখা এ অঞ্চলের আবাসন খাতে উল্লেখযোগ্য অবদান রাখবে। পাশাপাশি কোম্পানির ব্যবসা সম্প্রসারণেও ইতিবাচক ভূমিকা রাখবে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ডিবিএইচ ফাইন্যান্স এর আগে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড নামে পরিচিত ছিল। শক্তিশালী আর্থিক ভিত্তি ও সুশাসনের স্বীকৃতিস্বরূপ টানা ২১ বছর ধরে সর্বোচ্চ ‘ট্রিপল এ’ ক্রেডিট রেটিং অর্জন করেছে প্রতিষ্ঠানটি। প্রচলিত গৃহ ঋণের পাশাপাশি শরিয়াহসম্মত ইসলামিক হাউজিং ফাইন্যান্স সুবিধাও দিয়ে থাকে ডিবিএইচ।
