প্রকাশিত: ১২:৫২, ২৭ অক্টোবর ২০২৬
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
বটিয়াঘাটা থানা। ফাইল ফটো
খুলনার বটিয়াঘাটা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল শেখ (৩৬) নামে যুবদলের এক কর্মী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) মধ্যরাত সাড়ে ১২টার দিকে বটিয়াঘাটা থানাধীন বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা সড়কের ওপর হামলার শিকার হন তিনি।
সোহেল শেখ উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমানে যুবদলের কর্মী। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, সোহেল শেখ রাতে মোটরসাইকেলে বসে ছিলেন। এসময় দুটি মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ডান হাত ও পেটের ডান পাশে গুলিবিদ্ধ হন সোহেল শেখ। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সার্জারি ইউনিট-১-এর ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সোহেল শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, গুলিবিদ্ধ সোহেল শেখের বিরুদ্ধে মাদকসহ আটটি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
