কিশোরগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বত্রিশ খালপাড় ও উত্তর স্বল্পমারিয়া এলাকায় ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকার ওপর দিয়ে ৩৩ কেভি বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ অন্যত্র স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। জননিরাপত্তা নিশ্চিত করতে লাইনটির নিরাপত্তা ও বৈধতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় প্রথমে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কিশোরগঞ্জ কার্যালয়ের সামনে এবং পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বত্রিশ খালপাড় ও উত্তর স্বল্পমারিয়া এলাকার সংশ্লিষ্ট অংশটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। এখানে একটি প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ রয়েছে। ভবিষ্যতে মসজিদটি তিনতলা ভবনে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে। এমন জনবহুল এলাকার ওপর দিয়ে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইন স্থাপন করা হলে শিশু-কিশোর, শিক্ষার্থী, মুসল্লি ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে।
বক্তারা আরও বলেন, এলাকার একমাত্র তারা মসজিদ ও মসজিদসংলগ্ন নির্মিত মার্কেটের ওপর দিয়ে বিদ্যুৎ লাইনটি নেওয়া হচ্ছে বলে তাঁদের অভিযোগ। এ ছাড়া ঐতিহাসিক শহিদী মসজিদের দান করা ছয় শতাংশ জমিও লাইন স্থাপনের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে জননিরাপত্তা ও এলাকার সার্বিক পরিবেশ বিবেচনায় নিয়ে বিকল্প নিরাপদ স্থান দিয়ে বিদ্যুৎ লাইন স্থাপনের দাবি জানান তাঁরা।
মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন।
স্মারকলিপিতে চলমান ৩৩ কেভি বিদ্যুৎ লাইন স্থাপনের নিরাপত্তা ও বৈধতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি, তদন্তে জননিরাপত্তার ঝুঁকি কিংবা সংশ্লিষ্ট বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে জনস্বার্থে বিদ্যুৎ লাইনটি নিরাপদ স্থানে স্থানান্তর অথবা অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। এ সময় স্মারকলিপির সঙ্গে এলাকাবাসীর গণস্বাক্ষরও সংযুক্ত করা হয়।
এলাকাবাসী জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তাঁরা আশা করছেন।
এই বাংলা/এমএস
