নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) বর্ণাঢ্য শোভাযাত্রা, পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজারের নেতৃত্বে জেলা ডাকবাংলা প্রাঙ্গণ থেকে ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের শহীদ হাসান চত্বরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা ডাকবাংলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় আবির মাখানো, নাচ-গান ও নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন তাঁরা। দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়ক।
শোভাযাত্রা শেষে জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজারের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু ও জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। যুবদলের ৪৮ বছরের ইতিহাস ও সংগ্রামের কথা তুলে ধরে তাঁরা বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বক্তারা আরও বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তাঁরা সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বানও জানান বক্তারা।
The post চুয়াডাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন appeared first on ভোরের চেতনা.
