সংবাদ · রাজনীতি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, মোতায়েন ২১ প্লাটুন
২৬/১০/২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশনা ও প্রচলিত আইন অনুসরণ করে পেশাদারত্ব ও সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করার কথা জানিয়েছে বিজিবি।সোমবার (২৬ অক্টোবর) সকালে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঠাকুরগাঁও সেক্টরের অধীন ৫০ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় ঠাকুরগাঁও-১ আসনের তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় মোট ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।নিরাপত্তা জোরদারে বিজিবির বিশেষায়িত ‘কে-৯’ ডগ ইউনিটও যুক্ত করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি বডি-ওর্ন ক্যামেরা ও আধুনিক ড্রোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানায়, ভোটাররা যাতে কোনো ভয়ভীতি ছাড়া নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে কাজ চলছে। নির্বাচনের আগে ও পরে প্রার্থীরা যাতে সমান সুযোগ পান এবং প্রচার-প্রচারণা চালাতে পারেন, সে বিষয়েও নজর রাখছে বিজিবি।নির্বাচন চলাকালে সীমান্ত অতিক্রম করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কয়েক গুণ জোরদার করা হয়েছে। বিজিবি আশা প্রকাশ করেছে–স্থানীয় জনগণ, রাজনৈতিক দল, প্রার্থী ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় একটি নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে।
মূল প্রতিবেদনে যান ↗