বাংলাদেশ পুলিশের প্রযুক্তিগত আধুনিকায়ন, প্রশিক্ষণ ও সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে চীন। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন এ প্রতিশ্রুতি দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশের পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণে চীনের সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ ঢাকায় চীনা দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
