ছবি: খবরের কাগজ
-->চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৪৩টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এছাড়াও বিজিবির আরেকটি অভিযানে ১২০ কেজি বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মসলা জব্দ করা হয়। পৃথক দুটি অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি।
সোমবার (২৬ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীনস্থ মনোহরপুর বিওপির একটি বিশেষ টহলদল মনোহরপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ১৪৩টি বিভিন্ন প্রকার ভারতীয় মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
অপরদিকে মনোহরপুর বিওপির আরেকটি টহলদল দুর্লভপুর ইউনিয়নের বালুটুঙ্গী গ্রামে অভিযান চালিয়ে ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মসলা এবং ১টি বাইসাইকেল জব্দ করে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৩৮ হাজার ৭০০ টাকা। জব্দকৃত মোবাইল ফোন, মোটরসাইকেল, বিড়ির পাতা, মসলা ও অন্যান্য যানবাহনগুলো আইনি প্রক্রিয়া শেষে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
অভিযানের বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ পুশইন ও মাদক চোরাচালান প্রতিরোধসহ যেকোনো ধরনের চোরাচালান দমনে ৫৩ বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং তাদের এই তৎপরতা অব্যাহত থাকবে।
মো. আসাদুল্লাহ/নাঈম
