ছবি: খবরের কাগজ
-->অবৈধ প্রক্রিয়ায় খাদ্যসামগ্রী তৈরি ও সংরক্ষণ, কাঁচা ও রান্না করা মাংস খোলাভাবে ফ্রিজে রাখা এবং বিক্রয়ের উদ্দেশ্যে বাসি খাবার সংরক্ষণের দায়ে চুয়াডাঙ্গা শহরের ঢাকা বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের কলেজ রোড, হাসপাতাল রোড ও শহীদ আবুল কাশেম রোড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অভিযানে গ্যাস, ওষুধ, খাদ্যপণ্য ও লন্ড্রিসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় সদর হাসপাতাল রোডে অবস্থিত আবিল শরীফের প্রতিষ্ঠান ঢাকা বিরিয়ানি হাউজে কাঁচা ও রান্না করা মাংস খোলাভাবে ফ্রিজে সংরক্ষণ এবং বিক্রয়ের উদ্দেশ্যে বাসি খাবার মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
আরও পড়ুন
তিনি আরও জানান, অভিযানে লন্ড্রিগুলোকে যথাযথভাবে গ্রাহকসেবা প্রদান এবং চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে খাদ্যসামগ্রী বিক্রেতাদের নিরাপদ ও মানসম্মত খাবার বিক্রয়ের জন্য প্রাথমিকভাবে সতর্ক করা হয়।
এ ছাড়া ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রয়, যৌক্তিক মূল্যে পণ্য কেনাবেচা, প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ পণ্য, ওষুধ ও শিশুখাদ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
মিজানুর রহমান/অন্তরা/
