আজকাল ওয়েবডেস্ক: অহঙ্কার বজায় রাখতে গিয়ে আহতদের চিকিৎসায় কোনও আপস করা যায় না। চোরবাগান সর্বজনীনের দুর্ঘটনার প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আহতদের উন্নত চিকিৎসার স্বার্থে বেসরকারি হাসপাতালের পরিষেবা নেওয়ার কথা জানিয়ে তিনি রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নেও সময় চাইলেন। একই সঙ্গে কলকাতা মেডিক্যাল কলেজকে ফের সেরার জায়গায় নিয়ে যাওয়ার আশ্বাসও দেন তিনি।
সোমবার মিলন মেলা প্রাঙ্গণে রাজ্য সরকারের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে চোরবাগানের দুর্ঘটনা নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সরকার কী করেছে বা করতে চায়, সেটা বড় কথা নয়। অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা ঘটে গিয়েছে।” আহতদের বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার প্রসঙ্গে তাঁর বক্তব্য, “তথাকথিত ইগো বা অহঙ্কার বজায় না রেখে আহতদের বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করেছি।”
দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছিলেন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর ও আশঙ্কাজনক ছিল বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, চিকিৎসকদের প্রচেষ্টায় ওই ঘটনায় কারও মৃত্যু হয়নি। এ জন্য ঈশ্বর ও চিকিৎসাবিজ্ঞানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সরকারি মেডিক্যাল কলেজগুলি বিশেষ করে কলকাতা মেডিক্যাল কলেজ একসমযে সেরা ছিল, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “কলকাতা মেডিক্যাল কলেজ সেরা ছিল। আবার আমরা সেরা করব। ছ মাসে তো সেরা করতে পারব না। আলাদিনের আশ্চর্য প্রদীপ তো আমি আনতে পারব না। আমাকে সময় দিতে হবে। ৩৪ এবং ১৫ অর্থাৎ ৪৯ বছরের যন্ত্রণা এবং আবর্জনা মুক্ত করতে আমাকে তো সময় দিতে হবে!”
তিনি আরও বলেন, “আমি ইগো - অহংকার নিযে থাকব ? না কি লোকগুলোকে সবথেকে ভাল মেডিক্যাল পরিষেবা দেব? ধন্যবাদ দেব ভগবান এবং চিকিৎসাবিজ্ঞানকে যে মৃতের সংখ্যা আর বাড়েনি।”
রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে সময় চাওয়ার পাশাপাশি কলকাতা মেডিক্যাল কলেজকে ফের সেরার জায়গায় নিয়ে যাওয়ার লক্ষ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে সেই লক্ষ্য পূরণে কী পরিকল্পনা নেওয়া হবে, কত সময় লাগবে এবং কী পরিমাণ অর্থ বরাদ্দ করা হবে, সে বিষয়ে এ দিন বিস্তারিত কিছু জানাননি তিনি।
