Published on
:
1 min read
এই সময়, বর্ধমান: ফের বিতর্কে বর্ধমান মেডিক্যাল কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘স্পন্দন’। প্রতি বছর কলেজের তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা নিজেদের পরিচালনায় এই ফেস্টের আয়োজন করেন। এ বার এই অনুষ্ঠান ঘিরে প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের কাছ থেকে জোর করে টাকা আদায় করার গুরুতর অভিযোগ উঠল।
আগামী ৪ ডিসেম্বর এই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও, তার আগেই অতিরিক্ত চাঁদা তোলার অভিযোগ প্রকাশ্যে আসায় শোরগোল শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সাগর দত্ত মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের এক ছাত্র, যে বর্ধমান মেডিক্যালে ভর্তি হয়ে ক্লাস করেছিলেন, তিনি ৫৫০০ টাকা চাওয়ার দাবি তোলার পরে সোমবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) প্রতিনিধিরা কলেজের অধ্যক্ষ সব্যসাচী দাসের সঙ্গে দেখা করে বেশ কিছু তথ্য তুলে ধরেন। তাঁরা অধ্যক্ষর কাছে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন। এর আগে এই কলেজ ফেস্ট ঘিরে ২০২২ সালে ৩০ লক্ষ টাকা আর্থিক দুর্নীতি এবং ২০২৫-এ এই অনুষ্ঠান চলাকালীন হস্টেলে মদ বিক্রির মতো বিতর্কিত ঘটনা ঘটেছিল। এ দিন অধ্যক্ষর সঙ্গে সাক্ষাতে উপস্থিত ছিলেন এবিভিপি-র মধ্যবঙ্গ প্রান্তের সাধারণ সম্পাদক রিঙ্কু পিয়াসি জি, এবিভিপি নেতা সুশোভন চৌধুরী, জেলা বিজেপি নেতা সৌম্যরাজ বন্দ্যোপাধ্যায় ও শান্তরূপ দে।
এবিভিপি-র সাফ কথা, ছাত্রছাত্রীদের উপরে চাপ তৈরি করে চাঁদা আদায় বরদাস্ত করা হবে না, দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলন হবে। যদিও উৎসব পরিচালন কমিটির দাবি, অভিযোগ ভিত্তিহীন এবং এখনও চাঁদা সংগ্রহের কাজ শুরুই হয়নি। কলেজের সহকারী ডিন তথা কমিটির সদস্য সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, বিষয়টি তিনি অধ্যক্ষকে জানাবেন। আর অধ্যক্ষ সব্যসাচী দাস বলেন, ‘কলেজে এখন ছুটি চলছে। কলেজ খুললে বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে।’
