Published on
:
1 min read
এই সময়, ওদলাবাড়ি: যে ধনেশ পাখি দেখতে কয়েক হাজার টাকা খরচ করে পাহাড়, জঙ্গলে যেতে হয় পাখিপ্রেমীদের। সেই ধনেশ পাখি বিকেল হলেই বাড়ির ব্যালকনিতে এসে দেখা দিয়ে যাচ্ছে। তাও আবার এক নয়, এক জোড়া! এমন ঘটনায় তাজ্জব এলাকার বাসিন্দারা। ছবি ও ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেট দুনিয়াতেও ভালো সাড়া পড়েছে।
জলপাইগুড়ি জেলার মালবাজার ব্লকের ওদলাবাড়ির মানাবাড়ি গ্রামে এমন ঘটনা সামনে এসেছে। বাড়ির মালিকের নাম দীনেশ শর্মা। তিনি জমি কিনে মাত্র বছর দুয়েক আগে এই দোতলা বাড়ি নির্মাণ করেছেন। বাড়ির ব্যালকনিতে স্টিলের গ্রিল এবং তার পাশেই ঘরের কালো কাঁচের স্লাইডিং জানালা রয়েছে। বেলকনির স্টিলের গ্রিলে বসে স্লাইডিং জানালার দিকে দুই ধনেশ পাখির খেলা করে বলে তিনি জানান। আসলে জানালার কাঁচে আয়নার মতো ওটা নিজেদের প্রতিচ্ছবি দেখতে পায় আর ভাবে, ওদের মতই আরও মনে হয় একজোড়া ধনেশ ওদের দিকে তাকিয়ে আছে। আশ্বিনের শেষ থেকেই একটু একটু করে যখন হিমেল উত্তরে হওয়া আসছে, তখন থেকেই দুই ধনেশের আগমন বলে জানান দীনেশ। তবে গ্রেট ইন্ডিয়ান হর্ন বিল প্রজাতির অন্তর্ভুক্ত এই দুই পাখি নির্জন পাহাড়ি জঙ্গল বা নদীর ধারে থাকতেই ভালোবাসে। তাহলে ওরা লোকালয়ে কেন এল? লোকালয়ে ধনেশ দেখে আদৌ উচ্ছ্বসিত নন পাখি বিশেষজ্ঞরা।
স্পোর পরিবেশপ্রেমী সংগঠনের কার্যকর্তা শ্যামাপ্রসাদ পান্ডে বলেন, ‘মানাবাড়ি থেকে শুরু করে উত্তরের পুরো পাহাড়টাই নোয়াম রেঞ্জের জঙ্গলের অন্তর্ভুক্ত। এই এলাকায় ধনেশ পাখির গতিবিধি স্বাভাবিক ছিল। বরং আমরাই নির্জন এলাকায় কংক্রিটের বাড়ি এবং যথেচ্ছ হোমস্টে ও রিসর্ট তৈরি করেছি। ওরা কিন্তু ওদের এলাকাতেই আছে। আমরাই বরং ওদের এলাকায় প্রবেশ করেছি। সে কারণেই বাড়ির বারান্দায় ধনেশ দেখা যাচ্ছে।’
