নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমিসংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত ১৩ বছরের কিশোরীর শরীরে গরম পানি ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় দগ্ধ অবস্থায় কিশোরীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, কান্দাপাড়া গ্রামের বাসিন্দা রওশন আরার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী সোনিয়া আক্তার ও অন্যদের জমিজমাসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে অভিযুক্তরা প্রায়ই রওশন আরার পরিবারকে খুন-জখমের হুমকি দিয়ে আসছিল। গত রোববার দুপুর ২টার দিকে রওশন আরা ও তার পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না। বাড়ি ফাঁকা থাকার সুযোগে অভিযুক্তরা কৌশলে রওশন আরার বসতঘরে প্রবেশ করে। এ সময় শয়নকক্ষে ঘুমিয়ে থাকা ১৩ বছরের শিশু কন্যাকে হত্যার উদ্দেশ্যে সোনিয়া আক্তার তার গায়ে গরম পানি ছুড়ে মারে। এতে শিশুটির কোমরসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গিয়ে গুরুতর জখম হয়।
শিশুর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। পরে থানায় এসে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী কিশোরীর মা রওশন আরা।
লিখিত অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা হলেন- সোনিয়া আক্তার (৩৫), মো. মোস্তফা (৪৫), শিলা আক্তার (৪০), জাকির হোসেন (৩৮)। যাদের সবার বাড়ি সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকায়।
সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা থানায় অভিযোগ করেছেন। তদন্ত চলছে। ঘটনার সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে৷
