কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে নলকূপ খননের সময় মাটির নিচ থেকে আগুনের শিখা বের হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ইনানী এলজিডি সড়কের ছোট সেতু-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হওয়ায় মাটির নিচে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে উখিয়া সদর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখনো আগুন জ্বলছে। মাটির নিচে গ্যাসের চাপের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আগুনের তীব্রতা বেশি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, আগুনের উৎসস্থলের আশপাশের বাড়িঘর থেকে বাসিন্দারা নিরাপদ স্থানে সরে গেছেন।
এদিকে, আগুনের শিখা বৈদ্যুতিক খুঁটির তারের সংস্পর্শে এসে ছড়িয়ে পড়ার আশঙ্কায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি এ তথ্য জানিয়েছে।
ঘটনাস্থলে আগুন জ্বলতে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
