গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) একাডেমি পরিদর্শন করেছেন চার দেশের রাষ্ট্রদূত।
সোমবার (২৬ অক্টোবর) সকালে মালদ্বীপ, কসোভো, মরক্কো ও সিঙ্গাপুরের রাষ্ট্রদূতেরা একাডেমিতে যান। সেখানে তারা বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম, কারিগরি দক্ষতা এবং সদস্যদের তৈরি বিভিন্ন হস্তশিল্প ও কুটিরশিল্পের পণ্য ঘুরে দেখেন।
এ সময় এসব পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। পরিদর্শনকালে রাষ্ট্রদূতেরা একাডেমির অবকাঠামো ও প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি হস্তশিল্প, কুটিরশিল্প, গার্মেন্টস, নির্মাণ এবং বিভিন্ন কারিগরি বিভাগের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
আনসার সদস্যদের তৈরি পণ্যের গুণগত মান ও উৎপাদনপ্রক্রিয়া দেখে তারা আগ্রহ প্রকাশ করেন। এ সময় কয়েকটি হস্তশিল্পের পণ্যও কেনেন তারা। পাশাপাশি নিজ নিজ দেশে এসব পণ্যের ব্যবহার ও বাজার তৈরির সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূতদের স্বাগত জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তার সভাপতিত্বে পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় একাডেমিতে উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ এবং সেগুলো বিদেশে রপ্তানি বা বিপণনের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করা হয়।
পরিদর্শনে অংশ নেওয়া রাষ্ট্রদূতেরা হলেন মালদ্বীপের শিউনীন রশীদ, কসোভোর লুলজিম প্ল্লানা, মরক্কোর লাল্লা বৌথাইনা এল কেরদৌদি এল কৌলালি এবং সিঙ্গাপুরের ফিলিপ ওং।
এ সময় আনসার-ভিডিপির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সদস্য এবং দেশি-বিদেশি সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা বলেন, এ সফরের মাধ্যমে আনসার-ভিডিপির প্রশিক্ষণ ও কারিগরি কার্যক্রমের পাশাপাশি বাহিনীর সদস্যদের তৈরি হস্তশিল্প ও কুটিরশিল্পের পণ্য আন্তর্জাতিক বাজারে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। বিদেশে এসব পণ্যের বাজার সম্প্রসারণে আলোচনাটিও নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।
বিআলো/আমিনা