সরকারের অনুমতি ও প্রয়োজন হলে আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির। সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর চকবাজারের শাহজাহান ইমাম টাওয়ারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দেওয়ার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, পুলিশ লাঠিপেটা করলে বলা হয় ‘ফ্যাসিস্ট পুলিশ’, আবার নীরব থাকলে বলা হয় ‘দুর্বল পুলিশ’। পুলিশকে কাজ করার পরিবেশ দিতে হবে এবং দায়িত্ব পালনে সক্ষম করতে হবে। তিনি বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আইন ও সংবিধান অনুযায়ী চলতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি গুজব ও মিথ্যা তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হয়ে প্রকৃত ঘটনা যাচাই করা জরুরি।
পুলিশ সদস্যদের অপরাধে জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে আলী হোসেন ফকির বলেন, পুলিশেও জবাবদিহি ও নিয়ন্ত্রণব্যবস্থা রয়েছে। গত দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। আগে নিজেদের বাহিনীর অনিয়ম দূর করতে হবে। তবে কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানোও ঠিক নয়।
তিনি আরও বলেন, কথায় কথায় পুলিশের ওপর চড়াও হওয়া বা পুলিশকে অকার্যকর করার চেষ্টা করা হলে সমাজব্যবস্থা টিকিয়ে রাখা কঠিন হবে। পুলিশকে অকার্যকর করার যেকোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে আইজিপি বলেন, কে আসবেন বা কী হবে, সেটি আইনশৃঙ্খলা বাহিনীর দেখার বিষয় নয়। আইন ও সংবিধান অনুযায়ী যখন যেখানে যা প্রয়োগ করা প্রয়োজন, পুলিশ তা-ই করবে।
অনুষ্ঠানে ব্যাংকিং খাতে নৈতিকতা ও স্বচ্ছতার প্রয়োজনীয়তা নিয়েও বক্তব্য দেন আইজিপি। তিনি বলেন, ইসলামে সুদ ও ঘুষ সম্পূর্ণ হারাম। প্রকৃত ইসলামিক ব্যাংকিং হতে হবে সুদমুক্ত, যেখানে অংশীদারত্ব, নৈতিকতা এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।
অতীতে ব্যাংকিং খাতে অনিয়ম, ব্যাংক দখল এবং উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণার সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের তদারকি ও নজরদারি কার্যকর না হলে আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করা সম্ভব হবে না। গ্রাহক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান—উভয় পক্ষকেই নৈতিকতার জায়গায় থাকতে হবে। ব্যাংকিং খাতে অতীতের অনিয়ম ও বিপর্যয়ের পুনরাবৃত্তি রোধে কার্যকর তদারকি এবং জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
The post সরকারের অনুমতি পেলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি appeared first on ভোরের চেতনা.
