মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোহাম্মদ শফিউদ্দিন আহমেদ (৭৭) মারা গেছেন। স্থানীয়ভাবে তিনি ‘শফি চেয়ারম্যান’ নামে পরিচিত ছিলেন।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়নের আদারিয়াতলা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শফি চেয়ারম্যানের মৃত্যুতে চলচ্চিত্র প্রদর্শন সমিতি শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে সমিতির সভাপতি উজ্জ্বল বলেন, শফিউদ্দিন সাহেব একজন উদারমনা সংস্কৃতিবান হিসেবে এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুতে এলাকাবাসী একজন নিবেদিত প্রাণ মনা মানুষকে হারালো। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শফিউদ্দিন আহমেদ নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। এ ছাড়া তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। অসুস্থ অবস্থায় তিনি ঢাকার একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
আদারিয়াতলা ও আশপাশের এলাকার মানুষের কাছে তিনি অভিভাবকতুল্য ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করেছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
আজকালের খবর/বিএস
