Published on
:
1 min read
এই সময়: লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারের মঞ্চ তৈরি। দুই সঞ্চালক থিয়েরি অঁরি ও কেট স্কটও এতক্ষণে বেশ কয়েকবার মহড়া দিয়ে ফেলেছেন, মঞ্চে কখন কোথায় দাঁড়াবেন। শুধু পুরস্কার কে পাবেন, সেটাই যা ঠিক করে কেউ বলতে পারছেন না।
যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার ভারতীয় সময় রাত দেড়টায় শুরু হবে, সেটি কে পাবেন, তা আগের দিন জানা যাবেই, এ রকম কোনও কথা নেই। কিন্তু এ বারের ব্যালন ডি’ওর পুরস্কারে কোনও ‘ক্লিয়ার ফেভারিট’ বের করতে পারছেন না বিশেষজ্ঞরা। অবশ্যই নাম কয়েকটা আছে, যাদের নিয়ে চর্চা চলছে। বিশ্বকাপের বছরে অনেক সময়ে বিশেষজ্ঞদের অনেক সময়ই ফেভারিট বাছার সুবিধা হয়। এ বার হয়েছে উল্টো।
তবু যাদের নিয়ে চর্চা, তাদের নাম তুলে ধরা যাক। কিলিয়ান এমবাপে, হ্যারি কেন, লামিনে ইয়ামাল, রদ্রি, লিওনেল মেসি, মাইকেল ওলিজ়ে, উসমান দেম্বেলে। দুর্দান্ত ফর্মের জন্য গত মরশুমে ব্যালন ডি’ওর জেতার ব্যাপারে ফেভারিট হয়েই গিয়েছিলেন দেম্বেলে। এ বার কিন্তু তা নয়। চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, বিশ্বকাপে ছ’টি গোল করেছেন, কিন্তু আগুনে ফর্ম ছিল না একেবারেই।
বায়ার্ন মিউনিখে গোলমেশিনে পরিণত হয়েছেন। জার্মানিতে ঘরোয়া ত্রিমুকুট জিতেছেন। ইংল্যান্ডকে বিশ্বকাপে তৃতীয় স্থান পাইয়ে দিতে ছ’টি গোল করেছেন। কিন্তু অনেকেই বলছেন গোলই সব নয়। এমবাপে গোল করেছেন, করিয়েছেন। ক্লাব ও দেশের হয়ে ফর্মে ছিলেন। কিন্তু বিশ্বকাপের টপ স্কোরার (১০) হয়েও এমবাপের বিপক্ষে যাচ্ছে একটিও ট্রফি না জেতা।
ইয়ামাল গতবার দ্বিতীয় স্থানে ছিলেন। এ বার এক নম্বরে থাকবেন, এ রকম জোর দিয়ে কেউ বলতে পারছেন না। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করার জন্য মনোনয়ন পেয়েছেন মেসি ও রদ্রি। বিশ্বকাপে সোনার বলও জিতেছেন রদ্রি। কিন্তু তাতেও ব্যালন ডি’ওর জেতার ব্যাপারে তাঁদের ফেভারিটদের তালিকায় শীর্ষে রাখতে পারছেন না বিশেষজ্ঞরা।