ঢাকার কেরানীগঞ্জের নারকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে কেরানীগঞ্জের নারকেলবাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ইউনিট দুপুর ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
পরবর্তীতে ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট টানা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
তালহা বিন জসিম আরও জানান, ঘটনাস্থল থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে দগ্ধ হয়েই তার মৃত্যু হয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস জানায়, কারখানার ভেতরে প্লাস্টিকসামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
The post কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুনে নিহত ১ appeared first on ভোরের চেতনা.
