৪৫ মিনিট আগে
সর্বশেষ আপডেট: ৪৫ মিনিট আগে
স্পোর্টস ডেস্ক
লিওনেল মেসির কথা শুনতে সবাই আগ্রহী। কিন্তু তার দীর্ঘ বক্তৃতা যে কারও জন্য বিপদের কারণ হতে পারে, সেটি হয়তো ভাবেননি আর্জেন্টাইন মহাতারকা নিজেও। নিজের নামে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ ফুটবলারদের উদ্দেশে আবেগঘন বক্তব্য দিচ্ছিলেন তিনি। এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন যে পাশে দাঁড়িয়ে থাকা দোভাষীর কথা বেমালুম ভুলে যান! পরে অবশ্য হেসে ক্ষমা চাইলেন মেসি। ততক্ষণে হাসির রোল পড়ে যায় অনুষ্ঠানে।
রোববার যুক্তরাষ্ট্রের মায়ামিতে শুরু হয়েছে মেসি কাপের দ্বিতীয় আসর। বিশ্বের নামীদামি ১৬টি ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেসি। তরুণ ফুটবলারদের স্বাগত জানিয়ে তাদের উদ্দেশে বিশেষ কিছু কথা বলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী।
মেসির বক্তব্যের মূল বিষয় ছিল ফুটবলকে উপভোগ করা, নতুন অভিজ্ঞতা অর্জন এবং বিভিন্ন দেশের ফুটবলারদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা। আর্জেন্টাইন মহাতারকা বলেন, ‘ফলাফল যা-ই হোক, তোমরা টুর্নামেন্টটা উপভোগ করো। প্রতিদ্বন্দ্বিতা করো, অভিজ্ঞতা অর্জন করো। বিভিন্ন দেশ ও সংস্কৃতির ফুটবলারদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলো।’
শুধু জয়-পরাজয় নয়, এই বয়সে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতাটাই যে বড় পাওয়া, সেটিও মনে করিয়ে দেন মেসি, ‘আশা করি, এই টুর্নামেন্ট তোমাদের জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একটি অভিজ্ঞতা হবে, যা সারা জীবন মনে রাখবে। বড় হওয়ার পরও যেন এই দিনগুলোর কথা মনে পড়ে। ভবিষ্যতে তোমাদের প্রত্যেকের জীবনে যা-ই ঘটুক, আশা করি এখান থেকে সুন্দর কিছু স্মৃতি নিয়ে যেতে পারবে।’
তরুণদের উদ্দেশে একটানা এত কথা বলার পরই ঘটে মজার ঘটনাটি।
বক্তব্য শেষ করে মেসির হঠাৎ মনে পড়ে, পাশে একজন দোভাষী দাঁড়িয়ে আছেন। তার স্প্যানিশ ভাষায় বলা কথাগুলো ইংরেজিতে অনুবাদ করার দায়িত্ব সেই ব্যক্তির। অথচ মেসি পুরো বক্তব্যই দিয়ে ফেলেছেন, মাঝে অনুবাদের জন্য কোনো বিরতি দেননি।
বিষয়টি বুঝতে পেরে দোভাষীর দিকে তাকিয়ে হেসে মেসি বলেন, ‘দুঃখিত, ভুলেই গিয়েছিলাম যে তোমাকে অনুবাদ করতে হবে। অনেক লম্বা করে ফেলেছি, তাই না?’
দোভাষীও মজা করতে ছাড়েননি। তিনি জবাব দেন, ‘হ্যাঁ, তবে আমরা একটু সংক্ষেপেই বলব। কারণ, ছেলেদেরও তো এই বৃষ্টির মধ্যে বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখতে চাই না।’
তাদের এই কথোপকথনে হাসির রোল পড়ে অনুষ্ঠানে। উদ্বোধনের আনুষ্ঠানিকতার মধ্যেও তৈরি হয় বেশ প্রাণবন্ত একটি মুহূর্ত। পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে মেসি ও দোভাষীর কথোপকথনের ভিডিও।
এরপর মাঠ ছাড়ার সময়ও ভক্ত ও তরুণ ফুটবলারদের আগ্রহের কেন্দ্রে ছিলেন মেসি। অনেকেই তার সঙ্গে ছবি তুলতে এবং শুভেচ্ছা বিনিময় করতে এগিয়ে আসেন। পরে গ্যালারিতে বসে টুর্নামেন্টের খেলাও দেখেন তিনি। সঙ্গে ছিলেন আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থ রদ্রিগো দি পল।
এর আগের দিন মেজর লিগ সকারে নিউইয়র্ক রেড বুলসের কাছে ২-০ গোলে হেরেছিল মেসির দল ইন্টার মায়ামি। সেই ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন তারকা। তবে দলের হারের হতাশা পেছনে ফেলে পরদিনই হাজির হন নিজের টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজনে।
মেসির উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব-১৬ ফুটবলারদের এই প্রতিযোগিতায় গত বছর অংশ নিয়েছিল আটটি দল। এবার দ্বিতীয় আসরে সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৬। ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশের ক্লাবগুলো অংশ নিচ্ছে টুর্নামেন্টে। আগামী ১ নভেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতা, যেখানে অনুষ্ঠিত হওয়ার কথা ৪৮টি ম্যাচ।
অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, চেলসি, আয়াক্স, ইন্টার মিলান, বোকা জুনিয়র্স, রিভার প্লেট, নিউয়েলস ওল্ড বয়েজ, ফ্লামেঙ্গো ও ইন্টার মায়ামির মতো পরিচিত ক্লাব।
উদ্বোধনী দিনেই চমক দেখিয়েছে আর্জেন্টিনার বোকা জুনিয়র্স। ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের প্রথম ১৫ মিনিটের মধ্যেই তিন গোল করে বোকা। তিজিয়ানো সানচেজ, এলিয়ান রোচা ও বেনহামিন দি রিসিও করেছেন গোলগুলো।
মেসির শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজও জয় পেয়েছে। ইংলিশ ক্লাব আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের একমাত্র গোলটি করেছেন হেরেমিয়াস সুয়ারেস। মেসির প্রতি ভালোবাসা জানাতে নিউয়েলসের তরুণ ফুটবলাররা মাঠে নেমেছিলেন ‘ধন্যবাদ, লিও’ লেখা জার্সি পরে।
অন্যদিকে গত আসরের চ্যাম্পিয়ন রিভার প্লেট এবার শুরু করেছে ড্র দিয়ে। ইংল্যান্ডের চেলসির সঙ্গে তাদের ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। মেসি ও দি পল গ্যালারি থেকে ম্যাচটি দেখেছেন।
