রাজধানীর গুলশানে কিংফিশার রেস্টুরেন্ট লিমিটেডে অভিযান চালিয়ে অবৈধ ও শুল্কফাঁকি দেওয়া বিভিন্ন ব্র্যান্ডের দুই হাজার ৩৫৯ লিটার মদ ও বিয়ার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চারটি গোয়েন্দা সংস্থার একটি সমন্বিত দল। এর মধ্যে ৮২৬ লিটার নানা ধরনের মদ এবং এক হাজার ৫৩৩ লিটার বিয়ার রয়েছে। এসব মদ বিয়ারের শুল্কসহ মোট মূল্য চার কোটি দুই লাখ ৮২ হাজার টাকা।
আজ সোমবার (২৬ অক্টোবর) বিকেলে কাকরাইলে আইডিবি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মদ এসব তথ্য জানান।
রেজভী আহম্মদ বলেন, গতকাল রাতে গুলশানের রেস্টুরেন্টটিতে চারটি গোয়েন্দা সংস্থার যৌথ টিম অভিযান চালায়। প্রায় তিন ঘণ্টার অভিযানে প্রতিষ্ঠানটির ভবনের ভেতর একটি গোপন গোডাউনের সন্ধান মিলে। ওই গোডাউন থেকে দুই হাজার ৩৫৯ লিটার মদ-বিয়ার জব্দ করা হয়। জব্দ করা মদের মধ্যে রয়েছে ভ্যাট-৬৯, শিভাস, ব্ল্যাক লেবেল, রেড লেবেল, জ্যাক ড্যানিয়েলস, গোল্ড লেবেল, গর্ডন জিন ও ভদকাসহ বিভিন্ন ব্র্যান্ডের মদ। এ ছাড়া রয়েছে হান্টার ও হাইনেকেন ব্র্যান্ডের বিয়ার।
অভিযানের সময় মদের আমদানি বা স্থানীয়ভাবে ক্রয়ের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি বলে জানান রেজভী আহম্মদ। তিনি আরও বলেন, জব্দ করা মদ-বিয়ারের আমদানি, শুল্ক পরিশোধ ও ক্রয়সংক্রান্ত নথি যাচাইয়ের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনবিআরের চার গোয়েন্দা সংস্থার সমন্বিত এই যৌথ টিমের সদস্যরা হলেন—আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অতিরিক্ত কর কমিশনার মুসতবা ইশতিয়াক আহমদ ও সহকারী কর কমিশনার মো. রিপন আলী, মূল্য সংযোজন কর নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম-পরিচালক ইমাম গাজ্জালী, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের সহকারী পরিচালক মহিব-উল-ইসলাম এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী আল মাসুম। অভিযানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সার্বক্ষণিক নিরাপত্তাসহ সহযোগিতা করেন।
