কক্সবাজার,২৭ অক্টোবর-রাজধানী ঢাকা থেকে ৯৬৫ জন যাত্রী নিয়ে প্রথমবারের মতো কক্সবাজারে পৌঁছেছে ‘মহানগর এক্সপ্রেস’। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি কক্সবাজার আইকনিক রেলস্টেশনে পৌঁছায়। এ সময় স্টেশন কর্তৃপক্ষ যাত্রীদের স্বাগত জানায়।
কক্সবাজারে পৌঁছানোর পর ৮২৪ জন যাত্রী নিয়ে সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।
এর আগে সোমবার রাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মহানগর এক্সপ্রেসের ঢাকা-কক্সবাজার বর্ধিত রুটে চলাচলের উদ্বোধন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি ট্রেনের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপের মতো অপরাধ ঠেকাতে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার জয়নাল আবেদিন জানান, সোমবার রাতে কমলাপুর থেকে ছেড়ে ট্রেনটি কুমিল্লা, ফেনীসহ মধ্যবর্তী বিভিন্ন স্টেশনে বিরতি দিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজারে পৌঁছায়।
বাংলাদেশ রেলওয়ের নতুন সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস প্রতিদিন রাত সাড়ে ৮টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে পরদিন সকাল ৬টায় গন্তব্যে পৌঁছানোর কথা। ফিরতি পথে ট্রেনটি প্রতিদিন সকাল ৯টায় কক্সবাজার থেকে ছেড়ে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে। ট্রেনটির সাপ্তাহিক ছুটি রোববার।
নতুন এই রেলসেবার ফলে নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী এলাকার যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন।
এস এম/ ২৭ অক্টোবর ২০২৬
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::৯৬৫ যাত্রী নিয়ে প্রথমবার কক্সবাজারে পৌঁছাল মহানগর এক্সপ্রেস first appeared on DesheBideshe.