জামালপুর প্রতিনিধি: জামালপুরে নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ইনচার্জ মাকসুদা বেগমের যোগদানের প্রজ্ঞাপন বাতিল করায় ১৪ দিন পর কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
২৬ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১০টায় কলেজের ইন্সট্রাক্টর রঞ্জনা থিগিদিকে ইনচার্জের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারির পর কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলন প্রত্যাহারের পর শিক্ষক-শিক্ষার্থীদের উচ্ছ্বাস করতে দেখা যায়। এসময় নতুন ইনচার্জ রঞ্জনা থিগিদিকে ফুল দিয়ে বরণ করেন তাঁরা।
জানা গেছে, গত ১২ অক্টোবর জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ইনচার্জ শাহজাদী মাহমুদাকে বদলি ও শেরপুর নার্সিং কলেজের ইনচার্জ মাকসুদা বেগমকে জামালপুরে যোগদানের জন্য প্রজ্ঞাপন জারি করেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।
এরপর থেকে মাকসুদা বেগমের যোগদানের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, ক্লাস বর্জন ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে আসছেন জামালপুর নার্সিং কলেজের শিক্ষার্থীরা। সর্বশেষ রোববার রাত ৮টা থেকে এই আন্দোলনকে বেগবান করতে আমরন অনশন কর্মসূচি শুরু করেন তিন শিক্ষার্থী। অবশেষে ১৪ দিন পর শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার করলো শিক্ষার্থীরা।
আমরণ অনশনে থাকা শিক্ষার্থী মোকছেদুল ইসলাম জানান, আমি দাবি পূরণ হয়েছে তাই আমরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি।
নতুন দায়িত্ব পাওয়া ইনচার্জ রঞ্জনা থিগিদি বলেন, আমাকে ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে। যতদিন আছি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করব।
এটিভি/ এইচকে
