Published on
:
1 min read
এই সময়, কুলতলি: বাড়ির সামনে বসা গাঁজার আসরের প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠল একদল নেশাগ্রস্ত যুবকের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন একই পরিবারের চারজন। সোমবার ঘটনাটি ঘটেছে কুলতলি থানার জালাবেড়িয়া–২ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম গাবতলায়। ঘটনায় জড়িত দু’জনকে গ্রেপ্তার করেছে কুলতলি থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দা ভিক্টর হালদারের বাড়ির সামনে অনেক দিন ধরে চার-পাঁচজন যুবক নিয়মিত গাঁজার আসর বসাত বলে অভিযোগ। এই নিয়ে এলাকার মানুষের মধ্যে আগে থেকেই ক্ষোভ ছিল। সোমবার ওই যুবকরা ফের আসর বসালে ভিক্টর প্রতিবাদ করেন।অভিযোগ, খেপে গিয়ে ভিক্টর হালদারের উপরে ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় ওই যুবকেরা। ভিক্টরের চিৎকারে তাঁর স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা ছুটে এলে তাঁদের উপরেও হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন চারজন। স্থানীয়রা আহতদের জয়নগর-কুলতলি ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা ভিক্টর হালদার ও ভরত হালদারের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুলতলি থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় দু’জনকে। ধৃতদের নাম আয়ুব শেখ ওরফে কালো ও সায়দুল শেখ। মঙ্গলবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
