কনকনে শীতেও কাজে ফাঁকি নেই, কর্মীদের বিএমডব্লিউ উপহার রেস্তরাঁ মালিকের!
তীব্র শীত উপেক্ষা করে নিয়মিত কাজে আসা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় কর্মীদের বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন চীনের এক রেস্তরাঁ মালিক। হেনান প্রদেশের জিয়াওজুও শহরে ঘটে যাওয়া ব্যতিক্রমী এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
দক্ষিণ চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টেরপ্রতিবেদন অনুযায়ী, একাধিক রেস্তরাঁর মালিক মা ইয়ানলি তাঁর কয়েকজন সেরা কর্মীর হাতে নতুন বিএমডব্লিউ গাড়ির চাবি তুলে দিয়েছেন। প্রতিটি গাড়ির দাম প্রায় ৩ লাখ চীনা ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় ৭২ লাখ টাকার বেশি। কর্মীদের গাড়ি বুঝিয়ে দেওয়ার প্রায় দুই সপ্তাহ আগেই তিনি গাড়িগুলোর সম্পূর্ণ মূল্য পরিশোধ করেছিলেন।
কর্মীদের এমন দামি উপহার দেওয়ার পেছনে রয়েছে একটি মানবিক অভিজ্ঞতা। গত বছরের শীতের এক সকালে মা ইয়ানলি লক্ষ করেন, তাঁর দীর্ঘদিনের কর্মীরা হাড়কাঁপানো ঠান্ডা ও হিমেল বাতাস উপেক্ষা করে বৈদ্যুতিক স্কুটারে চড়ে কাজে আসছেন। ঠান্ডায় তাঁদের মুখ লাল হয়ে যাচ্ছিল, হাতও জমে আসছিল। তবু তাঁরা সময়মতো কর্মস্থলে উপস্থিত হয়ে দায়িত্ব পালন করছিলেন।
কর্মীদের এই নিষ্ঠা ও দায়িত্ববোধ মালিককে গভীরভাবে নাড়া দেয়। তাঁদের পরিশ্রমের স্বীকৃতি দিতে বিশেষ কিছু করার কথা ভাবেন তিনি। সেই ভাবনা থেকেই কর্মীদের বিলাসবহুল গাড়ি উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন।
অপ্রত্যাশিত এই উপহার পেয়ে অভিভূত হন কর্মী লি জিয়ে। তাঁর ভাষ্য অনুযায়ী, গাড়ির শোরুমে যাওয়ার পথে মা ইয়ানলি কর্মীদের বলেছিলেন, তাঁদের জন্য একটি ‘বড় খেলনা’ কিনতে যাচ্ছেন।
পরে দিন শেষে লি জিয়ের নামে একটি নতুন সাদা বিএমডব্লিউ গাড়ি নিবন্ধন করে দেওয়া হয়। গাড়িটি পেতে তাঁকে কোনো অর্থ দিতে হয়নি। এমনকি উপহারের সঙ্গে কোনো শর্ত বা চুক্তিও জুড়ে দেওয়া হয়নি।
মা ইয়ানলির এই উদ্যোগ চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। কর্মীদের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন এবং তাঁদের ব্যক্তিগত কষ্টের প্রতি সহমর্মিতা দেখানোর জন্য অনেকেই রেস্তরাঁ মালিকের প্রশংসা করছেন।
এর আগে চীনের হেনান কুয়াংশান ক্রেন কোম্পানির চেয়ারম্যান কুই পেইজুনের কর্মীদের বড় অঙ্কের বোনাস দেওয়ার ঘটনাও আলোচনায় এসেছিল।
কর্মীদের প্রতি মা ইয়ানলির এই উদারতা শুধু আর্থিক পুরস্কারের বিষয় নয়; বরং কর্মক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা, স্বীকৃতি ও মানবিক সম্পর্কের গুরুত্বও তুলে ধরেছে।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
