সরকারি ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম ‘মাইগভ’-এর মাধ্যমে বিদেশগামী কর্মীদের অভিবাসন ঋণসেবা চালুর পর প্রায় এক বছরে ২০০ কোটি টাকার বেশি ঋণ অনুমোদন করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। গত বছরের ৩ ডিসেম্বর সেবাটি চালুর পর থেকে এ পর্যন্ত ১০ হাজারের বেশি বিদেশগামী কর্মী অনলাইনে ঋণের জন্য আবেদন করেছেন। বর্তমানে আবেদন থেকে ঋণ অনুমোদন পর্যন্ত সময় লাগছে মাত্র ৩ থেকে ৪ দিন।
আজ শনিবার বাংলাদেশ সরকারের এটুআই (এসপায়ার টু ইনোভেট) প্রোগ্রাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে।
এটুআই এর দেওয়া তথ্য অনুযায়ী, ‘মাইগভ’ প্ল্যাটফর্মের অভিবাসন ঋণসেবার আওতায় একজন বিদেশগামী কর্মী ৯ শতাংশ সুদে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারছেন। বিদেশযাত্রায় সংশ্লিষ্ট কর্মীর প্রকৃত ব্যয় যাচাই-বাছাই করে ঋণের পরিমাণ নির্ধারণ করা হয়। প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার পর বর্তমানে ব্যাংকের ১২২টি শাখায় এ ডিজিটাল সেবা চালু রয়েছে। আগে অভিবাসন ঋণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে আবেদনকারীদের একাধিকবার ব্যাংকের শাখায় যেতে হতো। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ভোগান্তিতে পড়তে হতো তাঁদের। অনলাইনে সেবাটি চালু হওয়ায় এখন ঘরে বসেই ঋণের আবেদন করা এবং আবেদনের অগ্রগতি জানা যাচ্ছে। ফলে ব্যাংকে যাতায়াত ও মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমেছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের বিদেশগামী কর্মীদের জন্য আর্থিক সেবা গ্রহণ সহজ হয়েছে। এতে তাঁরা বিদেশযাত্রার প্রস্তুতি আরও দ্রুত সম্পন্ন করতে পারছেন।
প্রবাসী কল্যাণ ব্যাংক কর্তৃপক্ষের প্রকাশিত এক জরিপে দেখা গেছে, ডিজিটাল পদ্ধতিতে ঋণসেবা চালুর ফলে আবেদনকারীদের সময়, যাতায়াত ও আবেদনসংক্রান্ত ব্যয় ৫০ শতাংশ করে কমেছে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের কাজের চাপ কমেছে ৩০ শতাংশ। অন্যদিকে, আবেদন প্রক্রিয়ায় কাগজের ব্যবহার কমেছে শতভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে এবং এটুআইয়ের কারিগরি সহায়তায় পরিচালিত হচ্ছে সমন্বিত সরকারি ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম ‘মাইগভ’। এ প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকেরা ঘরে বসেই বিভিন্ন সরকারি সেবার জন্য আবেদন, নির্ধারিত ফি পরিশোধ, আবেদনের অগ্রগতি অনুসরণ এবং ডিজিটাল সনদসহ অন্যান্য সেবা গ্রহণ করতে পারছেন।
এটুআই এর তথ্য মতে, বর্তমানে মাইগভ প্ল্যাটফর্মে ৮৪টি সরকারি দপ্তর ও সংস্থার ৪৩৪টি মৌলিক সেবার বিপরীতে ৮২৯টি অনলাইন আবেদন ফরম চালু রয়েছে। এসব সেবার মধ্যে বিদেশগামী নাগরিকদের প্রয়োজনীয় নথিপত্র সত্যায়ন বা এপোস্টিল সেবাও রয়েছে। নাগরিকদের সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি সরকারি সেবায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি বাড়াতে পর্যায়ক্রমে এ প্ল্যাটফর্মে নতুন নতুন সেবা যুক্ত করা হচ্ছে।
এবার হিউম্যানয়েড রোবটের বাজারে পা রাখছে স্যামসাং ইলেকট্রনিকস। আগামী জানুয়ারিতে রোবটটি জনসমক্ষে উন্মোচনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। সংশ্লিষ্ট বিষয়ে অবগত এক ব্যক্তির বরাতে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, হিউম্যানয়েড রোবটের প্রাথমিক সংস্করণ বা প্রোটোটাইপ পরিচালনা পর্ষদের কাছে...
আজ পৃথিবীর এক প্রান্তে বসে অন্য প্রান্তের মানুষের সঙ্গে মুহূর্তেই যোগাযোগ করা যায়। কয়েক সেকেন্ডে খুঁজে পাওয়া যায় হাজার হাজার তথ্য, দেখা যায় ছবি-ভিডিও, করা যায় কেনাকাটা কিংবা অফিসের কাজ। কিন্তু এই সহজ যোগাযোগের পেছনে রয়েছে দীর্ঘ এক ইতিহাস। বিশালাকৃতির কম্পিউটার, বিজ্ঞানীদের দূরদর্শী চিন্তা...
এবার বাণিজ্যিক গোপন তথ্য চুরি এবং ভবিষ্যতে ওপেনএআইয়ের তৈরি ডিভাইস নিয়ে কাজ করতে হার্ডওয়্যার সরবরাহকারীদের নিরুৎসাহিত করার অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছে ওপেনএআই। গতকাল শুক্রবার মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পাল্টা মামলা করে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠানটি।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে নিজেদের শিল্পকর্ম নকল, পুনর্নির্মাণ ও বাণিজ্যিকভাবে ব্যবহারের আশঙ্কায় ইনস্টাগ্রাম ও ফেসবুক ছাড়ছেন অনেক শিল্পী। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম দুটির মূল প্রতিষ্ঠান মেটার প্রস্তাবিত নতুন নীতিমালা নিয়ে উদ্বেগ বাড়ায় তাঁদের মধ্যে এ প্রবণতা দেখা দিয়েছে।
