সাজেকের চলমান পরিস্থিতি স্বাভাবিক করা, পর্যটনশিল্পের স্থবিরতা নিরসন এবং স্থানীয় জনগণের পাঁচ দফা দাবি নিয়ে প্রশাসনের প্রতিনিধি দলের সঙ্গে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে দাবিগুলোর বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না হওয়ায় অবরোধ প্রত্যাহারে কোনো সমঝোতা হয়নি। ফলে অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সংগঠন দুটি।
বৈঠকে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান, খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত, রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী, রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এবং খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান।
বৈঠকে সাজেকের বর্তমান পরিস্থিতি, চলমান সড়ক অবরোধ, স্থানীয় জনগণের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পর্যটন খাতে এর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশনের উত্থাপিত পাঁচ দফা দাবি নিয়ে সমাধানের পথ খোঁজার ওপর গুরুত্ব দেওয়া হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে সাজেক এলাকার সন্ত্রাসীদের বিতাড়ন, নিরাপত্তার নামে সাধারণ মানুষের চলাচল ও স্বাভাবিক কর্মকাণ্ডে বাধা না দেওয়া, নিরাপত্তা বাহিনীর সদস্যদের আচরণে জনসাধারণের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। এ ছাড়া স্থানীয় জনগণের নিরাপত্তা ও অধিকার রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে নিয়মিত সমন্বয়ের দাবি জানানো হয়।
বৈঠকে প্রশাসনের প্রতিনিধি দল জানায়, পাঁচ দফা দাবির মধ্যে চারটি বাস্তবায়নে কাজ চলছে। অন্য দাবিটি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে অগ্রগতি অর্জনের জন্য সংগঠন দুটির কাছে পাঁচ দিনের সময় চেয়েছে প্রশাসন। এ সময় নিয়ে আলোচনা শেষ হলেও অবরোধ প্রত্যাহারের বিষয়ে কোনো সমঝোতা হয়নি।
দীর্ঘদিনের অস্থিরতা ও অবরোধের কারণে সাজেকের পর্যটন ব্যবসা, রিসোর্ট-হোটেল, পরিবহন খাত এবং স্থানীয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এতে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সাজেকের পরিস্থিতি স্বাভাবিক করা এবং পর্যটন কার্যক্রম পুনরায় সচল করতে প্রশাসন ও আন্দোলনরত সংগঠনগুলোর মধ্যে সংলাপ, পারস্পরিক সমঝোতা এবং আইনসম্মত উপায়ে সমস্যার সমাধান জরুরি। তবে পাঁচ দফা দাবির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছে সংগঠন দুটি।
The post সাজেকে অবরোধ প্রত্যাহারে সমঝোতা হয়নি, ৫ দিনের সময় দিল প্রশাসন appeared first on ভোরের চেতনা.
