সিরাজগঞ্জের ৩ নম্বর চায়না বাঁধ এলাকায় সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা শতাধিক দোকানপাট উচ্ছেদ করেছে প্রশাসন। সোমবার (২৬ অক্টোবর) সকালে কাটা ওয়াপদা থেকে ৩ নম্বর চায়না বাঁধের শেষ প্রান্ত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ হেল মাফি। এ সময় উপস্থিত ছিলেন উপবিভাগীয় প্রকৌশলী মওদুদ আহমেদ সবুজ ও উপসহকারী কমিশনার মো. জাকির হোসেন। অভিযান চলাকালে সরকারি জায়গায় অবৈধভাবে নির্মিত শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়। পাশাপাশি সরকারি জায়গায় নতুন করে স্থায়ী ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণ না করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
অভিযান সম্পর্কে সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ হেল মাফি বলেন, চায়না বাঁধ এলাকার সরকারি জায়গা দখলমুক্ত রাখা এবং স্বাভাবিক চলাচল ও পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জায়গায় যেন নতুন করে অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ দোকান পরিচালনায় কোনো সমস্যা নেই। কারণ, ভ্রাম্যমাণ দোকানের জন্য স্থায়ী কোনো স্থাপনা নির্মাণের প্রয়োজন হয় না। সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখা এবং ভবিষ্যতে নতুন করে স্থাপনা নির্মাণ ঠেকাতে প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
The post সিরাজগঞ্জের ৩ নম্বর চায়না বাঁধে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ appeared first on ভোরের চেতনা.
