‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায় ও মারধর করে বলে অভিযোগ ছাত্র ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা।
Published : 26 Oct 2026, 11:33 PM
Updated : 26 Oct 2026, 11:43 PM
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে হামলা করা হয়েছে।
স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে সোমবার রাতে হামলার এ অভিযোগ এনেছেন ছাত্র ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা। এসময় তাদের কয়েকজনকে মারধর করা হয়।
এ ঘটনায় যুব ইউনিয়নের দুজন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। আহত অবস্থায় তাদের পুলিশ নিয়ে গেছে বলেও অভিযোগ তাদের।
তবে হামলা ও আহত হওয়ার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
সিপিবির কার্যালয় রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের ষষ্ঠ ও সপ্তম তলায়। একই ভবনের অষ্টম তলায় ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের কার্যালয়।
সোমবার রাত ৯টার পর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে ছেড়ে দেওয়ার পর পল্টনে ছাত্র ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। ওই মিছিলকে কেন্দ্র করে তাদের ওপর হামলা করার অভিযোগ করা হয়। পরে তা সিপিবির কার্যালয় পর্যন্ত গড়ায়। পরে কার্যালয়ের সামনে লোকজন জড়ো হয়ে হামলা চালায়।
রাত সাড়ে ১০টার দিকে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহীর শাহরিয়ার অভিযোগ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কার্যালয়ে হামলা করা হয়েছে। হামলাকারীরা স্থানীয় বিএনপির নেতা। সম্ভবত পল্টন থানা বিএনপি বা তাদের অন্য সহযোগী সংগঠনের লোকজনও থাকতে পারে।”
হামলার কারণ জানতে চাইলে তিনি বলেন, “তারা আমাদের আওয়ামী লীগ প্রতিপন্ন করতে চায়। এখন আমরা অফিসের ভেতরে আছি। আমার সঙ্গে কেন্দ্রীয় নেতারা আছেন। আমাদের বন্ধু ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাও আটকা আছেন।”
সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফী রাত ১১টা ১০ মিনিটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলার খবর পেয়ে এখন আমি সেখানে যাচ্ছি। একটি মব পার্টি অফিসে আসে, তারা হামলা চালায়। এখন পর্যন্ত এতটুকুই জানি।”
পল্টন থানার ওসি আরিফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুপুরে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হলে গলায় ফুলের মালা পরিয়ে সিপিবির কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা।
“এ ঘটনায় সিপিবি কার্যালয়ের সামনে উত্তেজনা বিরাজ করছে। কোনো হামলা বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।”
সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে সোমবার বিকালে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে মীনা বাজারের সামনে মানববন্ধনের ডাক দেন সংস্কৃতিকর্মীরা। সেখানে জড়ো হলে পুলিশের বাধায় কর্মসূচি পালন করতে পারেননি তারা। ওই স্থান থেকে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করে নিয়ে যায় পুলিশ। পরে রাত ৯টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
