প্রকাশিত: ১৮:৫৭, ২৭ অক্টোবর ২০২৬
শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য মিছিল করা হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শরীয়তপুরে পূর্ণাঙ্গ কমিটিতে কোনো ‘হাইব্রিড নেতা’ স্থান পেলে দল থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মৃধা নজরুল কবীর।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য মিছিল ও পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে শরীয়তপুর পৌর অডিটোরিয়ামের সামনে থেকে বর্ণাঢ্য মিছিল বের হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু, কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এস এম ফয়সাল, জেলা বিএনপির সহ-সভাপতি মো. আবুল হোসেন সরদার, মনিরুজ্জামান খান দিপু, মহিউদ্দিন বাদল, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক মৃধা নজরুল কবীর।
মিছিল শেষে শহরের বটতলায় পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্যে মৃধা নজরুল কবীর বলেন, যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। কোনো ‘হাইব্রিড নেতা’ কমিটিতে স্থান পেলে তিনি দল থেকে পদত্যাগ করবেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে যারা দলের জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন, তাদের বাদ দিয়ে সুবিধাবাদীদের কমিটিতে স্থান দেওয়া হলে তৃণমূলের নেতাকর্মীরা হতাশ হবেন। তাই ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে যুবদলের কমিটি গঠনের দাবি জানান তিনি।
