চট্টগ্রাম: চট্টগ্রামের সন্দ্বীপে পাঁচ বছরের শিশু আলী হোসেনকে হত্যার দায়ে মো. জাহাঙ্গীর আলম (৪৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিনিয়র দায়রা জজ কাজী আবদুল হান্নানের আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম সন্দীপ উপজেলার মগধরা ইউনিয়নের ওয়াচ্ছের বাড়ির মৃত আব্দুল হালিমের ছেলে। নিহত আলী হোসেন একই এলাকার আবু তাহেরের ছেলে। জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা গিয়াস উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সন্দ্বীপের মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ওয়াচ্ছেরের বাড়ির সামনে রাস্তার ওপর আসামি ভিকটিম শিশু আলী হোসেনকে মাথার ওপর তুলে ছুড়ে মারেন। সে মাথায়, নাকে ও কানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয় লোকজন শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চট্টগ্রামে নিয়ে আসার সময় পথে তার মৃত্যু হয়।
পরে শিশুর বাবা অটোরিকশাচালক আবু তাহের বাদি হয়ে সন্দ্বীপ থানায় ইতালি প্রবাসী জাহাঙ্গীর আলমকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তারপর আটজনের সাক্ষ্য শেষে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
নিহত শিশু সন্দ্বীপের মান্নান নাহার ইসলামিয়া মাদরাসা ও এতিমখানায় শিশুশ্রেণিতে পড়াশোনা করত। ঘটনার ১৭ দিন আগে ইতালি থেকে দেশে আসেন আসামি জাহাঙ্গীর।
