স্পোর্টস ডেস্ক
বুধবার থেকে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচের টেস্ট সিরিজ। এর আগে সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রশংসা করার পাশাপাশি নিজেদের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে কথা বলেন স্যামি। বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ জেতা যে সহজ হবে না, তা ভালো করেই জানেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি। তবে প্রতিপক্ষকে সমীহ করলেও নিজেদের জয়ের লক্ষ্য থেকে সরে আসছেন না স্যামি। তার আশা, ব্যাটে-বলে জমজমাট লড়াইয়ের পর সিরিজ জিতবে ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ দিন ধরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখার অপেক্ষায় তিনি।
স্যামি বলেন, ‘বাংলাদেশ অনেক ভালো খেলেছে। অস্ট্রেলিয়াতে গিয়ে ভালো খেলেছে। তাদের ছেলেরাও পারফর্ম করে যাচ্ছে। আমাদের অনেক ছেলেও এবার ভালো করছে। সিরিজ নিয়ে আমি অনেক রোমাঞ্চিত। পাঁচ দিনে ভালো ব্যাট-বলের লড়াই আশা করছি। দুই দলই চাইবে জিততে। আশা করছি, ওয়েস্ট ইন্ডিজ যেন জিততে পারে।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলেও মনে করেন ক্যারিবীয় কোচ। তার মতে, ঘরের মাঠে বাংলাদেশকে হারানো কঠিন। তিনি বলেন, ‘বাংলাদেশের মতো একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছি, যাদের টেস্টে ঘরের মাঠে হারানো খুবই কঠিন। তারা সেটা প্রমাণ করেছে। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভালো করেছে। আশা করছি, সবাইকে বিনোদন দিতে পারব। তবে বিনোদনের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ যেন জয়ী দল হয়, সেটাও চাই।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে নিজেদের অবস্থান আরও ভালো করার লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের। স্যামির ভাষায়, ‘এই সিরিজকে আমরা অনেক গুরুত্ব দিয়ে নিচ্ছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগেই আমাদের পরিকল্পনা ছিল, বাংলাদেশ সিরিজ শেষে টেবিলে নিজেদের একটি নির্দিষ্ট জায়গায় দেখতে চাই। আমরা সেই লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি। এ কারণেই এই সিরিজ আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’
চলতি বছরে টেস্ট ক্রিকেটে দলের পারফরম্যান্সেও সন্তুষ্ট স্যামি। তার দাবি, এ বছর এখনো কোনো সিরিজ হারেনি ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে শেষ সিরিজেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান তারা। খেলোয়াড়দের উদ্দেশে তার বার্তা, নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে।
চোটের কারণে শামার জোসেফের খেলা নিয়ে আলোচনা থাকলেও তাকে নিয়ে আশাবাদী ওয়েস্ট ইন্ডিজ কোচ। স্যামি বলেন, ‘শামারের ব্যাপারে একটি কথা বলি, সে যদি খেলার জন্য প্রস্তুত থাকে, তাহলে ১১০ শতাংশ তাকে দলে নিতে চাইব আমরা। সব রিপোর্ট দেখেই তাকে ১৫ সদস্যের দলে নেওয়া হয়েছে।’
বাংলাদেশ সফরের আগে চেন্নাইয়ে ক্যাম্প করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে ভালো অনুশীলনের সুযোগ পাওয়ায় সন্তুষ্ট স্যামি। তার মতে, প্রস্তুতি ভালো হলে মাঠে পারফর্ম করার সম্ভাবনাও বাড়ে। এখন অনুশীলনের অভিজ্ঞতাকে মাঠের খেলায় কাজে লাগানোই দলের সামনে বড় চ্যালেঞ্জ।
সিরিজের জন্য পুরো দলকে একসঙ্গে প্রস্তুত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, নিজেদের দুর্বলতা নিয়ে কাজ করেছেন তারা। এখন ধারাবাহিকতা ধরে রেখে পরিকল্পনা বাস্তবায়ন করতে চান।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে শাই হোপ না থাকলেও অন্য খেলোয়াড়দের ওপর আস্থা রাখছেন স্যামি।বর্তমান ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে গ্রিভস, জাঙ্গু, ক্যাম্পবেল, ব্রেন্ডন কিং, শামার জোসেফ ও ওয়ারিক্যানের মতো ক্রিকেটারদের কাছ থেকেও অবদান চান তিনি। তার লক্ষ্য, কোনো একজনের ওপর নির্ভর না করে দলগত পারফরম্যান্সের মাধ্যমে সিরিজ জেতা।
