মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে বানারীপাড়া থেকে ৪০ বছর বয়সী অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮।
সৈয়দ স্বাধীন, নিজস্ব প্রতিনিধি:
- আপডেট সময় : ০৪:৪১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
উজিরপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রধান অভিযুক্ত।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বরিশালের উজিরপুরে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত মো. জাকির হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলার কুন্দিহার গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাকির হোসেন উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত জাকির হোসেন ভুক্তভোগী কিশোরীর প্রতিবেশী। তিনি দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২২ অক্টোবর সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কিশোরী বাড়ির পাশের ডোবার পাড়ে কলমি শাক তুলতে গেলে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান বলে অভিযোগে বলা হয়।
এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য এসআরবি-৮-এর অধিনায়ক বরাবর অধিযাচনপত্র পাঠান।
এর পরিপ্রেক্ষিতে এসআরবি-৮-এর বরিশাল সদর কোম্পানির একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জাকির হোসেনকে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিকে বরিশাল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

