ভারতে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম ব্যবহারে নতুন শর্ত আরোপের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে সিম-বাইন্ডিংসংক্রান্ত নিয়ম কার্যকর হতে পারে। এতে নিবন্ধিত সিম কার্ড ফোনে সক্রিয় না রেখেই মেসেজিং অ্যাপ ব্যবহার করেন, এমন ব্যক্তিরা সমস্যায় পড়তে পারেন। তবে নির্দিষ্ট তারিখ থেকে সবার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, বিষয়টি এমন নয়।
ভারতের টেলিকমিউনিকেশন বিভাগ মেসেজিং প্ল্যাটফর্মগুলোকে নতুন নিয়ম বাস্তবায়নের জন্য ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সময় দিয়েছে বলে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাইবার জালিয়াতি প্রতিরোধ এবং ভারতীয় মোবাইল নম্বরের অপব্যবহার ঠেকানোই এ উদ্যোগের উদ্দেশ্য।
সিম-বাইন্ডিং নিয়ম
সিম-বাইন্ডিংয়ের মাধ্যমে মোবাইল নম্বরের সঙ্গে সংশ্লিষ্ট মেসেজিং অ্যাকাউন্টের সংযোগ আরও নিবিড়ভাবে যাচাই করা হবে। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, ভারতীয় মোবাইল নম্বর দিয়ে খোলা অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট নম্বরের সক্রিয় সিম বা ই-সিম ডিভাইসে থাকার বিষয়টি নিশ্চিত করতে হতে পারে।
কেউ নিবন্ধিত সিম খুলে ফেললে, নিষ্ক্রিয় করলে কিংবা পরিবর্তন করলে অ্যাপের মাধ্যমে নম্বর যাচাইয়ে জটিলতা দেখা দিতে পারে। এতে অ্যাকাউন্ট ব্যবহারে বিধিনিষেধ আরোপের আশঙ্কা রয়েছে। তবে নিয়মটি ঠিক কীভাবে কার্যকর হবে, তা সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোর বাস্তবায়ন পদ্ধতির ওপর নির্ভর করবে।
যাদের ব্যবহারে প্রভাব পড়তে পারে
নতুন নিয়মের কারণে কয়েক ধরনের ব্যবহারকারী সমস্যায় পড়তে পারেন।
সেকেন্ডারি ফোন ব্যবহারকারী: যারা একটি ফোনে নিবন্ধিত সিম রেখে অন্য ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তাদের ডিভাইসের সেটআপ যাচাইয়ের প্রয়োজন হতে পারে।
সিম খুলে রাখা ব্যবহারকারী: অ্যাকাউন্ট চালু করার পর যারা ফোন থেকে নিবন্ধিত সিম সরিয়ে ফেলেন, তাদের নম্বর যাচাইয়ে সমস্যা হতে পারে।
শুধু ওয়াই-ফাই ব্যবহারকারী: যারা মূলত ওয়াই-ফাইয়ের মাধ্যমে মেসেজিং অ্যাপ চালান, তাদের নিবন্ধিত নম্বর সক্রিয় রাখা এবং নতুন শর্ত পূরণের বিষয়টি নিশ্চিত করতে হবে।
দুই সিম ব্যবহারকারী: ফোনে দুটি সিম থাকলে কোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে, তা যাচাই করা জরুরি।
ব্যবহারকারীদের নিবন্ধিত নম্বর সচল রাখা, অ্যাকাউন্টে ব্যবহৃত নম্বর যাচাই করা এবং অন্য ডিভাইসে অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের নির্দেশনা অনুসরণ করা উচিত। পাশাপাশি ভারতের টেলিকমিউনিকেশন বিভাগ ও মেসেজিং অ্যাপগুলোর আনুষ্ঠানিক ঘোষণার দিকে নজর রাখতে হবে।
উল্লেখ্য, প্রস্তাবিত নিয়মটি সিম ও মোবাইল নম্বর যাচাইয়ের সঙ্গে সম্পর্কিত। পুরোনো আইফোন বা অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে, এমন তথ্য প্রতিবেদনে নেই। নিয়মটি মূলত ভারতীয় নম্বর ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য হতে পারে। বাংলাদেশি ব্যবহারকারীদের ওপর এর সরাসরি প্রভাব পড়বে, এমন সিদ্ধান্তে পৌঁছানোরও সুযোগ নেই।
এমএ
