নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪০ রাউন্ড গুলিসহ স্বপ্ন আক্তার (৪২) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক নারীকে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ব্যবহারের উদ্দেশ্যে এসব গুলি বহন করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) ভোর ৪টা ২০ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
আটক স্বপ্ন আক্তার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী স্বপ্ন আক্তারের কাছে ১৪০ রাউন্ড গুলি পাওয়া যায়। পরে তাঁকে আটক করা হয়।
ওসি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ব্যবহারের জন্য গুলিগুলো বহন করছিলেন বলে ওই নারী পুলিশকে জানিয়েছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গুলিগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদেরও আইনের আওতায় আনা হবে।
The post নরসিংদীতে বাসে তল্লাশি, ব্রাহ্মণবাড়িয়ার নারীর কাছে মিলল ১৪০ রাউন্ড গুলি appeared first on The voice of Brahmanbaria || Local news means the world is.
