বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, স্বৈরাচারী সরকারের ১৭ বছরের দুর্নীতি ও লুটপাটের ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তুলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকার দেশ থেকে ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে এবং দেশের ব্যাংকগুলো লুট করে অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত দক্ষতার সাথে দেশ পরিচালনা করছেন।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে নরসিংদী শহরের পৌরসভা মোড়ে এলএনজি সরবরাহ বাড়ানোর পাশাপাশি দেশীয় গ্যাস উৎপাদন ও আমদানি অবকাঠামো সম্প্রসারণে দীর্ঘমেয়াদি নেওয়া উদ্যোগে লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।
খায়রুল কবির খোকন বলেন, বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে, বাজেটের পর পরই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যায়। কিন্তু বর্তমান সরকারের ঘোষিত জনকল্যাণমুখী বাজেটের পর ৬০টি জরুরি পণ্যের একটিরও দাম বাড়েনি। অন্যদিকে ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ এবং হরমুজ প্রণালীতে সৃষ্ট সংকটের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছিল। এর নেতিবাচক প্রভাব বাংলাদেশেও পড়তে পারত। কিন্তু দেশের মানুষের কষ্ট লাঘব করতে সরকার সাড়ে চার বিলিয়ন (৪.৫ বিলিয়ন) ডলারের বিশাল ভর্তুকি দিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎ, জাহিদুল কবির ভূঁইয়া, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিুকর রহমান নাহিদসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।
