
জালালাবাদ ডেস্ক : সমুদ্র নিরাপত্তা ও সুরক্ষা জোরদার করতে বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি অনুদান সহায়তা চুক্তি সই হয়েছে। গত ২৬ অক্টোবর এই চুক্তিতে সই করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী। চুক্তির আওতায় ‘মেরিটাইম সেফটি অ্যান্ড সিকিউরিটি সক্ষমতা বৃদ্ধি প্রকল্প’-এর জন্য জাপান সরকার অনুদান সহায়তা দেবে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ডকে জাপানে নির্মিত একটি ৩৫ মিটার-শ্রেণির টহল জাহাজ সরবরাহ করা হবে।
জাহাজটি পাওয়ার ফলে কোস্টগার্ডের সমুদ্রে অপরাধ দমন, চোরাচালান ও জলদস্যুতা প্রতিরোধ এবং প্রাকৃতিক দুর্যোগকালীন অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর (২৬-২৯ অক্টোবর) উপলক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই সহায়তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অবদান রাখবে এবং জাপান-বাংলাদেশ কৌশলগত অংশীদারত্বকে আরও সুদৃঢ় করবে বলে দুইপক্ষ আশা প্রকাশ করেছে।
