লালমনিরহাটের কালীগঞ্জে সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রফিট ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল হক প্রধান।
জাতীয় কন্যাশিশু দিবস ও বিশ্ব গ্রামীণ নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে গতকাল কালীগঞ্জ উপজেলায় সংস্থাটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রফিট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. নুরুজ্জামান আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন এবং ব্যবস্থাপনা কমিটি, সদস্য ও উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের আলোকচিত্র প্রদর্শনীও ঘুরে দেখেন। পাশাপাশি জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে দুই শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করেন।
বিশেষ অতিথি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, তাঁর জানা মতে, প্রফিট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে।
মতবিনিময় সভা শেষে জাতীয় যুব কল্যাণ তহবিলের অর্থায়নে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর আয়বর্ধক কর্মসূচির অংশ হিসেবে উপকারভোগীদের জন্য ছাগল পালন প্রকল্পের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররফ জাহান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. নুর আলম, দলগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মো. নুরুল হক, লালমনিরহাট বিএম কলেজের প্রভাষক ও সংস্থার উপদেষ্টা মো. মাহবুবুর রহমান এবং সংস্থার চেয়ারম্যান মোছা. মোতাহারা বেগমসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী ও উপকারভোগীরা।
The post পিএফ সংস্থা পরিদর্শন ও কুশল বিনিময় করলেন ডিসি appeared first on ভোরের চেতনা.
