রাজশাহীতে কেরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে এক তরুণকে হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. মাসুম (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) রাতে রাজশাহী মহানগরের বালিয়াপুকুর বটতলা এলাকা থেকে পবা থানা পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মাসুম পবা উপজেলার বাগধানী উলাপুর গ্রামের ওহেদুল ইসলামের ছেলে। সোমবার সকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি কেরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে উলাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে তোফাজ্জলকে (১৯) আঘাত করেন মাসুম। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জলের মৃত্যু হয়।
এ ঘটনায় পবা থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলার বিচার শেষে আদালত মাসুমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। তবে সাজা পরোয়ানা নিয়ে তিনি পলাতক ছিলেন। অবশেষে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
