‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় তিনটি পুরস্কার অর্জন করেছে কক্সবাজারের রামু উপজেলার রাজারকুলের মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার দুই কৃতী শিক্ষার্থী। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে অংশ নেওয়ার পর এ সাফল্যের মধ্য দিয়ে তারা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
রোববার (২৫ অক্টোবর ২০২৬) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে তাদের এ অর্জনের স্বীকৃতি দেওয়া হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ‘গ’ গ্রুপ (আলিম) থেকে মোবারক হোসাইন নজরুল রচিত হামদ/নাতে প্রথম এবং নজরুলের ইসলামী গজলে দ্বিতীয় স্থান অর্জন করেন। অন্যদিকে, ‘খ’ গ্রুপ (দাখিল) থেকে নজরুলের ইসলামী গজলে তৃতীয় স্থান অর্জন করেন ইকবাল হোসেন ফাহিম। দুই শিক্ষার্থীর এই সাফল্যে প্রতিষ্ঠানটি বিভাগীয় পর্যায়ে মোট তিনটি পুরস্কার অর্জন করে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাদ্রাসার অধ্যক্ষ রুহুল আমীন আনছারী রূপালী বাংলাদেশকে বলেন, শিক্ষার্থীদের এমন অর্জনে আমরা আনন্দিত। জাতীয় পর্যায়েও তারা এ ধারা অব্যাহত রাখবে, এমন প্রত্যাশা করি।
তিনি আরো বলেন,এর আগে আমাদের শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে পাঁচটি প্রতিযোগিতায় প্রথম স্থান এবং জেলা পর্যায়ে চারটি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিল। প্রতিষ্ঠানের এমন সাফল্যের জন্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
