নাটোরে গ্রামীণ নারী দিবসের সমাবেশ, ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি
নাটোর প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৩৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
গ্রামীণ নারীর শ্রমের স্বীকৃতি, ন্যায্য মজুরি ও জমির মালিকানা নিশ্চিতের দাবি উঠেছে নাটোরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে নাটোরের দিঘাপতিয়ায় নিডা সোসাইটির প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নিডা সোসাইটিসহ কয়েকটি সংগঠন এর আয়োজন করে। এএলআরডি এতে সহযোগিতা করে। অনির্বাণের নির্বাহী পরিচালক প্রভাতী রানী বসাকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নিডা সোসাইটির নির্বাহী পরিচালক জাহানারা বিউটি।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন নাটোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. পিয়ারুল ইসলাম।
বক্তব্য দেন নিডা সোসাইটির প্রোগ্রাম অফিসার মো. জিল্লুর রহমান, সাথীর নির্বাহী পরিচালক শিবলী সাদিক, আদিবাসী প্রতিনিধি নরেশ উড়াও, লাসটারের মো. জিল্লুর রহমান এবং গ্রামীণ নারী কৃষক আমেনা, সালেহা বেগম ও রূপালী বেগম।
বক্তারা বলেন, গ্রামীণ নারীরা সংসারের কাজের পাশাপাশি কৃষি উৎপাদন, বীজ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও পানি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফসল উৎপাদন থেকে গবাদিপশুর যত্ন—কৃষিকাজের নানা ক্ষেত্রে তাঁদের অবদান রয়েছে। অথচ তাঁদের শ্রমের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি এখনো নিশ্চিত হয়নি।
তাঁরা আরও বলেন, জমির মালিকানা, ন্যায্য মজুরি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গ্রামীণ নারীরা এখনো বৈষম্যের শিকার হন। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা জরুরি।
সমাবেশ শেষে গ্রামীণ নারী কৃষকেরা নিজেদের বাড়িতে উৎপাদিত সবজি প্রদর্শন করেন। অংশগ্রহণকারী নারীদের উৎসাহিত করতে নিডা সোসাইটির উদ্যোগে পুরস্কারের ব্যবস্থা করা হয়। প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
