রাশিয়ার বিরুদ্ধে ইউরোপ ও ভারত-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের ঐক্যের আহ্বান ফিনল্যান্ডের
ফিনল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী আন্তি হাক্কানেন ইউক্রেনের সংঘাতের অবসান ঘটাতে রাশিয়ার উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউরোপ এবং তাদের ভারত-প্রশান্তমহাসাগরীয় অংশীদারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার টোকিওতে এনএইচকে প্রতিনিধিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেনে আগ্রাসনের মধ্যেই রাশিয়া তার সম্পর্ক চীন এবং উত্তর কোরিয়ার সঙ্গে আরও গভীর করছে।
হাক্কানেন জাপান এবং ফিনল্যান্ডসহ ইউরোপীয় দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান এবং উল্লেখ করেন যে ইউরোপ ও ভারত-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরস্পর সংযুক্ত।
তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাম্প্রতিক একটি মার্কিন আইনে বর্ণিত অধিকাংশ নিষেধাজ্ঞা থেকে রাশিয়াকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের বিষয়েও মন্তব্য করেন এবং দেশগুলোকে এটা অনুধাবন করার আহ্বান জানান যে, রাশিয়া-ইউক্রেন সংঘাতে শান্তি অর্জনের জন্য এই অর্থনৈতিক শাস্তিগুলো অপরিহার্য।
তিনি জোর দিয়ে বলেন যে, রাশিয়ার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলে শান্তি আলোচনায় যোগ দেওয়া ছাড়া মস্কোর আর কোনো উপায় থাকবে না।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফকে নিয়ে নরওয়েতে ২০শে অক্টোবর অনুষ্ঠিত বৈঠকের কথা উল্লেখ করে হাক্কানেন বলেন, শান্তি আলোচনাকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে।
তিনি এও বলেন যে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা শুরু করতে কী কী প্রয়োজন হবে, তা নিয়ে তারা এখন আলোচনা করছেন।